আইইউবি-তে জাতীয় হ্যাকাথন শুরু

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৪৩  
সারাদেশ থেকে নির্বাচিত প্রায় ১৫০ জন উদ্ভাবকের সমন্বয়ে ৫১টি টিম নিয়ে দেশের ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্য-প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে শুরু হলো “ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস”। শনিবার সমাপনী দিনে ১০টি উদ্ভাবনীয় প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর ক্যাম্পাসে দুই দিনের এই হ্যাকাথনের উদ্বোধন করেন আইডিয়া প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। আনুষ্ঠানে হ্যাকাথন সহযোগী টেক মাহিন্দ্রা লিমিটেডের গ্লোবাল ইনোভেশন প্রধান নিখিল মালহোত্রা, কাস্টমার রিলেশন বিভাগীয় প্রধান ও মেকারস্ ল্যাবের প্রতিনিধি আকাশ দলাস, স্টার্টনেট অ্যান্ড ক্যাম্পাস কানেক্টের প্রধান উমেশ কাদ এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ মিত্র উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন আডিয়া প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা এবং প্রকল্পের পরামর্শকগণসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ। আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইকৃত ৩৪৯ টি টিম থেকে নির্বাচিত ৫১ টি দল মূল হ্যাকাথনে অংশ নিচ্ছে যাদের মেনটরিং করছেন ৪০ জন মেনটরের সমন্বয়ে গঠিত একটি দক্ষ টিম।